বোয়িং কোম্পানির কাছ থেকে কেনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ৭৩৭-৮০০ উড়োজাহাজ শুক্রবার দুপুরে ঢাকায় পৌঁছেছে। ২৫ নভেম্বর স্থানীয় সময় রাত ১০টায় এ উড়োজাহাজ আমেরিকার সিয়াটল থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।
দুপুর একটায় বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানের এই উড়োজাহাজের নামকরণ করা হয়েছে ‘মেঘদূত’।
এদিকে আগামী ডিসেম্বর মাসে বিমানবহরে যুক্ত হবে আরেকটি ৭৩৭-৮০০ উড়োজাহাজ। বিমানের সাথে সম্পাদিত চুক্তি অনুযায়ী বোয়িং কোম্পানি আগামী মাসের শেষ দিকে সিয়াটল থেকে এই উড়োজাহাজ সরবরাহ করবে। এর নাম দেয়া হয়েছে ‘ময়ুরপঙ্খি’। এ নিয়ে বিমানবহরে নিজস্ব বোয়িং উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ছয়টি।
প্রসঙ্গত, রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমেরিকার বোয়িং কোম্পানির কাছ থেকে ১০টি উড়োজাহাজ সংগ্রহের জন্য ২০০৮ সালে একটি চুক্তি সম্পাদন করে। এই চুক্তির আওতায় ২০১১ সালের অক্টোবরে প্রথম উড়োজাহাজ বোয়িং ৭৭৭-৩০০ ইআর (পালকি) এবং নভেম্বরে দ্বিতীয় উড়োজাহাজ বোয়িং ৭৭৭-৩০০ইআর (অরুণ আলো) ঢাকায় অবতরণ করে। পরবর্তী সময়ে ২০১৪ সালের ফেব্রুয়ারি ও মার্চে আরো দুইটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ ‘আকাশ প্রদীপ’ ও ‘রাঙা প্রভাত’ বিমানবহরে যুক্ত হয়। বাকি চারটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ ২০২০ সালের মধ্যে পর্যায়ক্রমে বিমানবহরে যুক্ত হবে।
