গাজীপুরে মামাত-ফুফাত ভাইয়ের আত্মহত্যা

আপডেট : ২৭ নভেম্বর ২০১৫, ১৯:৪৭
গাজীপুর মহানগরীতে একই রশিতে ফাঁস দিয়ে দুই ভাই আত্মহত্যা করেছে। নিহতরা সম্পর্কে মামাত-ফুফাত ভাই। তারা স্থানীয় এম এ মজিদ স্কুলের দশম শ্রেনীর ছাত্র ছিল। নিহতদের লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
পুলিশ জানায়, শুক্রবার বিকালে গাজীপুর মহানগরীর দক্ষিণ খাইলকৈর এলাকার বাদশা মিয়া স্কুল রোডের আব্দুল জলিলের বাসার দোতালার একটি ঘরের ফ্যানে ঝুলানো রশির দুই পান্তে গলা পেঁচিয়ে আব্দুল জলিলের ছেলে জাহিদুল ইসলাম (১৭) ও তার ফুফাত ভাই বাবু (১৭) আত্মহত্যা করেছে। ঘরের দরজা বন্ধ অবস্থায় দেখতে পেয়ে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ সন্ধ্যা ছয়টায় ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে তাদের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে তাদের লাশ নামিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ফুফাত ভাই বাবু কুমিল্লার চৌদ্দগ্রাম থানার শ্রীপুর গ্রামের রোকন আহমেদের ছেলে। সে তার মামা আব্দুল জলিলের বাসা গাজীপুর মহানগরীর দক্ষিণ খাইলকৈর থেকে পড়াশোনা করত।
 
পুলিশের ধারণা, পরিবারের লোকজনের সঙ্গে অভিমান করে তারা আত্মহত্যা করেছে।
 
জয়দেবপুর থানার এস আই এনামুল হক জানান, ঘটনাটি উদঘাটনের জন্য পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।