বিনা প্রতিযোগিতায় বলিউডের বক্স অফিস দাপিয়ে চলেছে সালমান খান অভিনীত ছবি ‘প্রেম রতন ধন পায়ো’। ছবিটি মুক্তির মাত্র ১৪ দিনে এরইমধ্যে আয় করেছে ২০০ কোটি রুপি! এমন সাফল্যে উচ্ছ্বসিত ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ফক্স স্টার। এতো এতো সাফল্যের মেজাজে ফুরফুরে থাকলেও ‘বিয়িং হিউম্যান’-এর সংগঠক সালমান তার সবচেয়ে বিপদের বন্ধু আমির প্রসঙ্গে অবাক করার মতো নিশ্চুপ ভূমিকা পালন করছেন।
অথচ মাত্র ক’মাস আগেই সালমানের জেল-জরিমানার ইস্যুতে আমির সবার আগে গিয়ে তার পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু আজ আমিরের এই বিপদের সময়ে শুধু ‘নো কমেন্টস’ করেই পার করছেন সালমান।
‘প্রেম রতন ধন পায়ো’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান টুইট করে ২০০ কোটি রুপি ছাড়িয়ে যাওয়ার খবরটি প্রকাশ করে। তারা এ-ও জানায় যে, চলতি বছরে বলিউডে ২০০ কোটি রুপি অর্জনকারী সিনেমা হিসেবে এটি দ্বিতীয় স্থানে। এর আগে চলতি বছর সালমান খানেরই অভিনীত ছবি ‘বজরঙ্গি ভাইজান’ এই রেকর্ড স্পর্শ করে।
