স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে আইএসের কোনো কার্যকলাপ নেই। দেশকে অকার্যকর করার জন্যই আইএসের নাম ব্যবহার করে দেশ অকার্যকরের চেষ্টা চলছে।
শনিবার দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচরে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, কোনো একটা ঘটনা ঘটলেই পাঁচ মিনিটের মধ্যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকায় একটি বার্তা চলে যায়। তখন আমেরিকার সাইট নামক প্রতিষ্ঠান বলে এটা আইএস করেছে। আইএস নামে কোনো সংগঠন বাংলাদেশে নেই। তাদের কোনো অস্তিত্ব বাংলাদেশে নেই। আইএসের নাম দিয়ে আমাদের মধ্যে একটি বিভেদ সৃষ্টি করতে এবং বিভেদের সুযোগ নিয়ে আজকে আমাদের অকার্যকর করার চেষ্টা করা হচ্ছে।
অলোচনা সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, আপনারা উপলব্ধিও করতে পারবেন না যে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে। যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে সপ্তম নৌবহর পাঠিয়েছিল। যারা বিভিন্ন দেশে জঙ্গিদের জন্ম দেয়, আইএসের জন্মদাতা আমেরিকা, জঙ্গিদের মূল জন্মদাতা আমেরিকা। আজকে তারাই বিভিন্ন দেশে মার খাচ্ছে।
তিনি বলেন, জঙ্গি দমনে বাংলাদেশের সাথে আছি, এটা আমেরিকার নতুন ষড়যন্ত্র। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়ে কোনোভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চলছে।
