নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে হাজার হাজার স্কুল শিক্ষার্থী শনিবার বিক্ষোভ প্রদর্শন করেছে। ভারত সীমান্তে দেশটির উপর চলমান অবরোধের প্রতিবাদেই শিক্ষার্থীদের এই বিক্ষোভ।
দেশটির মাধেশি সম্প্রদায়ের লোকেরা ওই অবরোধ আরোপ করেছে। সম্প্রতি রচিত নেপালের নতুন সংবিধানে তাদের প্রতি সাম্প্রদায়িক বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ রয়েছে মাধেশিদের। রাজধানী কাঠমাণ্ডর রিংরোডজুড়ে মানববন্ধন রচনার মাধ্যমে এই বিক্ষোভ প্রদর্শন করে স্কুল শিক্ষার্থীরা।
মাধেশিরা গত দুই মাস ধরে নেপালের সঙ্গে ভারতীয় সীমান্ত অবরোধ করে রেখেছে। এতে নেপালে খাদ্য ও ওষুধের ঘাটতি দেখা দিয়েছে। জ্বালানি, খাদ্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীসহ নেপালের ওষুধের চাহিদার ৬০ শতাংশই মেটানো হয় ভারত থেকে আমদানি করে।
জ্বালানি ঘাটতির কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় নেপালের স্কুলগুলোতে শিক্ষা কার্যক্রম প্রতিদিন কয়েকঘন্টা করে কমিয়ে আনা হয়েছে। বিবিসি।
