সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কারাবন্দি লুৎফুজ্জামান বাবরকে চিকিত্সার জন্য শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে পূনরায় গাজীপুরে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ২১ নভেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক এর আবাসিক চিকিৎসক ডা. রাজ দত্ত জানান, সকাল পৌনে ১০ টার দিকে বাবরকে কারারক্ষী ও গাজীপুর থানার পুলিশি প্রহরায় একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হয়। তিনি শ্বাসকষ্ট ও অ্যাজমাজনিত রোগে ভুগছেন। এছাড়াও তিনি মেরুদন্ডে ব্যথা, পেটের পীড়া, মানসিক চাপসহ বিভিন্ন রোগে ভুগছেন। তাকে চিকিৎসা দেয়া হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা জানিয়েছেন, গত ১৬ নভেম্বর কারাবন্দি লুত্ফুজ্জামান বাবরকে চিকিত্সার জন্য কারাগার থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। ওই হাসপাতালে চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে বাবরের স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা করা হয়।
