এমন ঘটনা আর ঘটবে না: তুরস্কের প্রেসিডেন্ট

আপডেট : ২৮ নভেম্বর ২০১৫, ২১:২৯
 
রাশিয়ার যুদ্ধ বিমান ভূপাতিত করার ঘটনায় 'দুঃখ' পেয়েছেন জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, এটা হওয়া উচিৎ হয়নি, আমি আশা করি ভবিষ্যতে এটা আর হবে না। তবে রুশ প্রেসিডেন্ট মনে করেন, দুঃখ প্রকাশ নয় বরং এর জন্য তুরস্কের ক্ষমা চাওয়া উচিৎ।
 
এদিকে সিরিয়ায় একটি এসইউ-২৪ যুদ্ধবিমান ভূপাতিত করায় তুরস্কের ওপর অর্থনৈতিক অবরোধের বিষয়টি বিবেচনা করছে রাশিয়া। সিরিয়ায় নিজেদের বাহিনীর নিরাপত্তায় ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ ও বিমানঘাঁটিতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ মোতায়েন করেছে রাশিয়া।
 
ঘটনার পর থেকে এতদিন পর্যন্ত দুঃখ প্রকাশ করতে অস্বীকার করে আসছিলেন এরদোয়ান। সিরিয়ায় রাশিয়ার আইএসবিরোধী অভিযানকে 'আগুন নিয়ে খেলা' বলেও হুঁশিয়ার করেছিলেন তিনি। অপরদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়, বিমান বিধ্বস্ত করাকে সন্ত্রাসবাদের সহযোগীদের দ্বারা 'পিঠে ছুরি মারা'র সঙ্গে তুলনা করে 'কঠোর পরিণতি'র জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছিলেন।
 
রাশিয়া তুরস্কের সঙ্গে সামরিক সম্পর্ক ছিন্ন করে ভিসাবিহীন যাতায়াত বন্ধ করার ঘোষণা দিয়েছে। এ নিয়ে দেশ দুটির মধ্যে একরকম বাগযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
 
বিমান ভূপাতিত করার পরই তুরস্ক সফরে যাওয়ার ব্যাপারে নাগরিকদের সতর্ক করেছিল রাশিয়া। এর জবাবে তুরস্কও অতি জরুরি প্রয়োজন ছাড়া রাশিয়ার সফরে না যেতে পরামর্শ দিয়েছে নাগরিকদের। মস্কোয় তুরস্ক দূতাবাসের বাইরে বিক্ষোভের কথা উল্লেখ করে পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত রাশিয়া সফর এড়িয়ে চলতে বলা হয়েছে তুর্কিদের। সূত্র: বিবিসি