বলিউড অভিনেতা ইমরান হাশমি বলেছেন, পর্দায় শাহরুখ খানের প্রেমের ধরনের থেকে আমার প্রেমের ধরন আলাদা। সম্প্রতি এমনটাই জানিয়েছেন এই ‘মার্ডার’ অভিনেতা।
ইমরানকে তার ‘রোমান্সের ব্র্যান্ড’ সম্পর্কে জিজ্ঞাস করা হলে তিনি বলেন, শাহরুখ খানের ছবিতে প্রেমের চূড়ান্ত পরিণতি পেতে দুই ঘণ্টা সময় লাগে। কিন্তু আমার ছবিতে লাগে দুই মিনিট। তার (শাহরুখ) ছবিতে প্রেমিকাকে খুঁজে পেতে সময় লাগে কিন্তু আমার ছবিতে কোনো অপেক্ষা নেই।
বলিউডের ছবিতে ‘সিরিয়াল কিসার’ হিসেবে আখ্যা পাওয়া ইমরান জানিয়েছেন, তিনি তার ঐ ইমেজ থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন। তিনি বলেন, আমি এই ইমেজ থেকে পালিয়ে আসতে চাচ্ছি না। আমি এটি চিন্তা করি না যে ছবি বা গানে চুমুর দৃশ্য থাকবে কি থাকবে না। কাহিনীর ওপর নির্ভর করে আমি সবকিছু পছন্দ করি।
৩৬ বছর বয়সী এই অভিনেতা টি-সিরিজের ‘ম্যায় রাহু ইয়া না রাহু’ শীর্ষক একটি ভিডিও গানে কাজ করেছেন। তার সঙ্গে রয়েছেন এশা গুপ্তা।
ইমরান আরো জানিয়েছেন, তিনি ক্লাসিক্যাল গানের প্রশিক্ষণ নিচ্ছেন। কিন্তু প্লেব্যাক করার কোনো পরিকল্পনা নেই তার। খবর: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
