'জঙ্গি দমনের নামে বাংলাদেশে প্রবেশ করতে চায় যুক্তরাষ্ট্র'

আপডেট : ২৯ নভেম্বর ২০১৫, ১৭:৫৮
 
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, জঙ্গি দমনে সহযোগিতার নামে বাংলাদেশে প্রবেশ করতে চায় যুক্তরাষ্ট্র। এ সময় তিনি বিএনপি-জামায়াতের নেতাদের নব্য রাজাকার হিসেবে আখ্যায়িত করে বলেন, যারা আইএস জঙ্গিদের জন্ম দেয়, তাদের ক্রীড়নক হিসেবে কাজ করছে বিএনপি-জামায়াত।
 
রবিবার দুপুরে বিজয়ের মাস ডিসেম্বরে দলের কর্মসূচি ঠিক করতে ঢাকা মহানগর আওয়ামী লীগের আয়োজিত এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
 
তিনি আরো বলেন, জঙ্গি দমনের নামে বাংলাদেশে প্রবেশ করতে চায় যুক্তরাষ্ট্র। আর এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে বিএনপি-জামায়াত। তবে তাদের এই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। মনে রাখতে হবে আল-কায়েদা, লাদেন ও আইএসের জন্মদাতা হলো মার্কিন যুক্তরাষ্ট্র।
 
সভায় উপস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিএনপির হঠাৎ করে পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তকে নতুন ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে বলেন, মাঝপথে যখন দেখবে পাস করার কোনো সম্ভাবন নেই তখনই তারা নির্বাচনী মাঠ থেকে পালাবে।
 
তিনি আরো বলেন, মসজিদে বয়ানের নামে রাজনৈতিক বক্তব্য দেয়া যাবে না। এখন থেকে মসজিদে কেউ রাজনৈতিক বক্তব্য দিলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।