দুই সপ্তাহে এক হাজার মানুষকে ঢুকতে দেয়নি ফ্রান্স

আপডেট : ২৯ নভেম্বর ২০১৫, ১৮:৪৬
 
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্যারিস হামলার পর গত দুই সপ্তাহে প্রায় এক হাজার মানুষকে ফ্রান্সে ঢুকার অনুমতি দেয়া হয়নি। গত ১৩ নভেম্বর দেশটির রাজধানীতে সিরিজ হামলায় ১৩০ জন মানুষ নিহত হন। জড়িতদের ধরতে জরুরি অবস্থা জারি করা ছাড়াও সীমান্তে কড়াকড়ি আরোপ করে রেখেছে ফ্রান্স।
 
হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এতে প্রায় আরো চার শতাধিক মানুষ আহত হন। তিন মাসের জরুরি অবস্থায় ফ্রান্সে মিছিল সমাবেশ নিষিদ্ধ ছাড়াও যে কোন যায়গায় তল্লাশি ও নজরদারি চালানোর ক্ষমতা দেয়া হয়েছে পুলিশকে।
 
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড সজেনেউভ বলেছেন, সীমান্তে কড়াকড়ি আরোপ করার পর থেকে এখন পর্যন্ত প্রায় এক হাজার মানুষকে ফ্রান্সে প্রবেশ করতে বাধা দেয়া হয়েছে। তিনি জানান, ঝুঁকিপূর্ণ হতে পারে এই বিবেচনায় তাদের ফ্রান্সে প্রবেশ করতে দেয়া হয়নি।
 
হামলার পর থেকে এখন পর্যন্ত সীমান্তের ২৮৫টি পয়েন্টে প্রায় চার হাজার মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয় বলেও তিনি উল্লেখ করেন। জরুরি অবস্থা জারি করার পর থেকে প্রায় দুই হাজার বাড়িতে তল্লাশি চালিয়েছে দেশটির পুলিশ। সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য ২১২ জনকে আটক করা হয় এবং ৩১২ জনকে গৃহবন্দী রাখা হয়েছে। এই অভিযানে ৩১৮টি অস্ত্র উদ্ধার করা হয়েছে যার মধ্যে সেনাবাহিনীতে ব্যবহার করা হয় এমন অস্ত্র ৩১টি। সূত্র: এএফপি