নির্বাচনী প্রচারণায় নামছেন সৌদি নারীরা

আপডেট : ২৯ নভেম্বর ২০১৫, ১৯:৫৩
 
সৌদি আরবের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন নারীরা। দেশটির নারী প্রার্থীরা রবিবার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। নারীদের নির্বচনে অংশ নেয়ার সুযোগ দেয়াকে দেশটিতে নারী অধিকারের ক্ষেত্রে এটি একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সৌদি আরবে ১২ ডিসেম্বরের পৌরসভা নির্বাচনে প্রায় ৯শ নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই প্রথমবারের মতো সৌদি নারীরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।
 
জেদ্দার এক মানবাধিকার কর্মী সাহার হাসান নাসিয়েফ বলেন, ‘এটা নারী অধিকার অর্জনের প্রথম পদক্ষেপ। এটি আমাদের জন্য একটি বড় অর্জন।’ সৌদি পুরুষরা তৃতীয়বারের মতো পৌর-নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পেলেও এবারই প্রথম দেশটির নারীরা নির্বাচিত হওয়ার অধিকার পাচ্ছে।

এর আগে সৌদি আরবে ২০০৫ ও ২০১১ সালে পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। সৌদি আরবে রাজতন্ত্র বিদ্যমান। দেশটির মন্ত্রিসভায় কোন নারী সদস্য নেই। পৃথিবীতে একমাত্র সৌদি আরবেই নারীদের গাড়ি চালানোর অনুমতি নেই।

রক্ষণশীল এই দেশটির নারীরা আপাদমস্তক কালো কাপড়ে ঢেকে বাড়ির বাইরে বের হন। এছাড়াও তারা একা ঘরের বাইরে বের হতে পারেন না। পরিবারের কোন পুরুষ সদস্য ছাড়া সৌদি নারীরা ঘরের বাইরে বের হতে, কোথাও বেড়াতে বা কর্মস্থলে যেতে পারেন না।

বাদশাহ আব্দুল্লাহর শাসনকালে ধীর গতিতে হলেও সৌদি আরবে নারী অধিকারের বিস্তৃতি ঘটে। তিনি ২০০৫ সালে পৌর নির্বাচন শুরু করেন এবং এই নির্বাচনে ভবিষ্যতে নারীরা অংশ নিতে পারবেন বলে ঘোষণা দেন। ২০১৩ সালে বাদশাহ আব্দুল্লাহ নারীদের শুরা কাউন্সিলের সদস্য করেন। শুরা কাউন্সিল মন্ত্রিসভাকে পরামর্শ দিয়ে থাকে। 

 
চলতি বছরের জানুয়ারিতে বাদশাহ আব্দুল্লাহ মারা যাওয়ার পর বাদশাহ সালমান দায়িত্ব গ্রহণ করেন। বাদশাহ সালমান নারীদের নির্বাচনে অংশ গ্রহণের বিষয়টি এগিয়ে নেন। উপসাগরীয় অন্য দেশগুলোতে কয়েক বছর ধরেই নারীদের ভোটাধিকার রয়েছে। 
 
সৌদি নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী, ২৮৪টি পরিষদ আসনের জন্য প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সৌদি আরবের মাত্র ১ লাখ ৩০ হাজার ৬শ’ নারী ভোটদানের জন্য নিবন্ধন করেছেন। আর ১৩ লাখ ৫০ হাজারের বেশি পুরুষ ভোটার নিবন্ধিত হয়েছেন।
 
উপসাগরীয় উপকূলীয় নগরী কাতিফের প্রার্থী নাসিমা আল-সাদাহ বলেন, ‘আমাদের পক্ষে এই নির্বাচনে জয়লাভ করা অত্যন্ত কঠিন।’ তিনি রবিবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নির্বাচনী প্রচারণা চালানোর পরিকল্পনা করেছেন। সূত্র: এএফপি