নেপালের ওপর অলিখিত অবরোধের প্রতিবাদে ভারতীয় টিভি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করে দিয়েছে দেশটির ক্যাবল টিভি অপারেটররা। এর ফলে নেপালে ৪২টি ভারতীয় টিভি চ্যানেল দেখা যাচ্ছে না। হিমালয়ের কোলের দেশটিতে নতুন সংবিধান প্রণয়নকে কেন্দ্র করে ভারত পণ্য পরিবহনে অলিখিত অবরোধ দিয়ে রেখেছে বলে অভিযোগ করে আসছে নেপাল।
নেপালের নতুন সংবিধান নিয়ে দেশটির দক্ষিণাঞ্চলে কয়েকটি সংখ্যালঘু সম্প্রদায় সহিংস বিক্ষোভ করে আসছে। তাদের দাবি নতুন সংবিধানে তাদের অধিকারকে খাটো করা হয়েছে। এ নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছিল। ভারতের সঙ্গে নেপালের স্থল বন্দরগুলোতে পণ্যবোঝাই কয়েকশ ট্রাক আটকে আছে। ভারতের দাবি ‘নিরাপত্তাজনিত’ কারণে ট্রাক ছাড়া হচ্ছে না। তবে একে নেপালের ওপর হস্তক্ষেপ বলে মনে করে প্রতিবাদ জানিয়ে আসছে নেপাল সরকার।
নেপাল কেবল টেলিভিশন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুধীর পারাজুলি বিবিসিকে বলেছেন, তাদের এ কর্মসূচি ‘অনির্দিষ্টকাল’ চলবে। তিনি পিটিআইকে বলেন, ‘ভারত নেপালের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করায়’ তারা ভারতীয় চ্যানেল না দেখানোর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
