জলবায়ু পরিবর্তন রোধে পদক্ষেপ নিতে বিশ্বব্যাপী বিক্ষোভ

আপডেট : ২৯ নভেম্বর ২০১৫, ২২:৩৮
 
প্যারিসে জাতিসংঘের জলবায়ু সম্মেলনকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন শহরে বিক্ষোভ প্রদর্শন চলছে। জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারগুলোর ওপর চাপ সৃষ্টি করতে এসব মিছিল আয়োজন করা হচ্ছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়েছে, সম্মেলনকে সামনে রেখে বিশ্বব্যাপী প্রায় দুই হাজার কর্মসূচি নেয়া হয়েছে।
 
রবিবার অস্ট্রেলিয়ার সিডনিতে প্রায় দশ হাজার মানুষের বিক্ষোভ দিয়ে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। সিডনিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ অনুষ্ঠিত হলেও প্যারিসে পুলিশে সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বেধে যায়। বিশাল সংখ্যক বিক্ষোভকারী ছত্রভঙ্গ করতে পুলিশ সেখানে টিয়ার গ্যাস ব্যবহার করে। এসময় অন্তত একশ জনকে রাস্তা থেকে আটক করা হয়।
IMG0
IMG1
ইউরোপের অন্যান্য শহরের মধ্যে মাদ্রিদে প্রায় পাঁচ হাজার মানুষ বিক্ষোভ দেখিয়েছে। আর বার্লিনে বিক্ষোভকারীর সংখ্যা এর দ্বিগুণ ছিল বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে। বার্লিনে বিক্ষোভকারীদের একজন ফ্রেডরিখ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, 'আমরা এমন একটি গ্রাম থেকে এসেছি যা সমুদ্র পৃষ্ঠের সমতলে অবস্থিত। আমরা আমাদের সহায় সম্বল জলবায়ু পরিবর্তনের ফলে হারাতে চাইনা।' লন্ডনেও কয়েক হাজার মানুষ বিক্ষোভের জন্য সমবেত হয়েছেন। এছাড়াও ব্রাজিলের সাও পাওলো, মেক্সিকো সিটি ও নিউ ইয়র্কে অনুরূপ বিক্ষোভের প্রস্তুতি চলছে।