বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নাশকতার তিন মামলায় হাইকোর্টের দেয়া তিন মাসের জামিনের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেয়। রায় বহাল রাখায় ফখরুলের মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
গত ২৪ নভেম্বর পল্টন থানার নাশকতার তিন মামলায় মির্জা ফখরুলের স্থায়ী জামিন প্রশ্নে রুলের রায়ে তিন মাসের জামিন মঞ্জুর করা হয়েছিল। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ ওই জামিন মঞ্জুর করেছিলেন।
হাইকোর্টের এ রায় স্থগিতে আবেদন করলে বৃহস্পতিবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত শুনানির জন্য ৩০ নভেম্বর পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানোর আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির। মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন।
