নাইকো মামলা

খালেদা জিয়ার পরবর্তী শুনানি ২৮ ডিসেম্বর

আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ১৫:১৯
নাইকো দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মামলার পরবর্তী শুনানির দিন ২৮ ডিসেম্বর ধার্য করেছেন আদলত। সোমবার হাইকোর্টের আদেশে আত্মসমর্পণ করে জামিন চান তিনি। শুনানি শেষে তার জামিনের আবেদন মঞ্জুর করেন ঢাকার বিশেষ জজ-৯ আমিনুল ইসলামের আদালত। 
 
বেলা বারটা ২৫ মিনিট থেকে ৩৫ মিনিট পর্যন্ত আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন খালেদার প্রধান আইনজীবী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তাকে সহায়তা করছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন, অ্যাডভোকেট জয়নাল আবদিন মেজবাহ, অ্যাডভোকেট খোরশেদ আলমসহ বিএনপির আইনজীবী নেতারা। 
 
দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল। 
 
বেলা সোয়া বারটার দিকে আদালতের এজলাসকক্ষে আসেন খালেদা জিয়া। এর আগে সকাল সোয়া এগারটার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে রওনা হন তিনি। 
 
নাইকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা রিট আবেদন ও এ-সংক্রান্ত রুল গত ১৮ জুন খারিজ করেন হাইকোর্ট। রায়ে আদালত বলেন, বিচারিক আদালতে মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ তুলে নেয়া হলো। রায়ের অনুলিপি পাওয়ার দুই মাসের মধ্যে বিচারিক আদালতে খালেদা জিয়াকে আত্মসমর্পণ করতে হবে। তবে জামিন অপব্যবহার না করার শর্তে খালেদা জিয়ার জামিন বিবেচনা করবেন আদালত।