পৌর নির্বাচনকে টেস্ট কেইস হিসেবে নিয়েছে বিএনপি

আপডেট : ১০ মে ২০২৩, ২২:১৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, পৌর নির্বাচনে অংশগ্রহণ করছি টেস্ট কেইস হিসেবে। আমরা একটা চান্স নিচ্ছি। নির্বাচন কমিশিন ও সরকারকেও সুযোগ দিচ্ছি। তারা যাতে দেশবাসীর প্রত্যাশা ও আমাদের সংবিধান অনুযায়ী একটা সুষ্ঠু নির্বাচন করে। যদি তা না করে অতীতে তারা যেমন নিন্দনীয় হয়েছিল, বিতর্কিত হয়েছিল আগামি দিনেও তারা আরো বেশি বিতর্কিত হবে।
 
সোমবার সকালে গাজীপুরের আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
হান্নান শাহ বলেন, এ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন। জনগণ এ সরকারকে চায়না। তাই তারা পেশী শক্তি ব্যবহার করে ফলাফল নিজের দিকে নেয়ার চেষ্টা করবে। যেহেতু এটা পৌর নির্বাচন- ক্ষুদ্র এলাকা নিয়ে এখানে প্রার্থীদের আত্মীয় স্বজনও আছেন। তারাও কাউকে ছেড়ে কথা বলবে না।
 
তিনি বলেন, বাংলাদেশের মানুষ ডাকাত পছন্দ করে না। ডাকাত হলে তাদের প্রতিহত করে। এবার যদি এ নির্বাচনে কেউ ভোট ডাকাতি করে তাহলে জনগণ কী করবে সেটা নিশ্চয়ই তারা জানে।
 
হান্নান শাহ বলেন, সরকারের মরণ ঘণ্টা যে বাজবে এতে আমার কোন সন্দেহ নাই।  সরকার এবং নির্বাচন কমিশন সব সময় বলে আসছে তারা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দিবে। কিন্তু অতীতের রেকর্ড বলে- নির্বাচন কমিশন প্রতিশ্রুতি দিলেও বাংলাদেশের মানুষের সামনে তাদের প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও তারা অতীতের কোন নির্বাচনই সুষ্ঠু ভাবে করতে পারেনি। ঐ সকল নির্বাচনে নির্বাচন আচরণ বিধি ভঙ্গ করা হয়েছিল। নির্বাচন কমিশনের লোকেরা জাল ভোট দিয়ে বাক্স ভর্তি করেছে। যা বিশ্ববাসী ও সারাদেশের লোকজন দেখেছে। 
 
এসময় গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনির হোসেন, সাবেক সভাপতি ড. শহীদউজ্জামান, অ্যাডভোকেট সোলায়মান দর্জি, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/জেডএইচ