‘৪ দেশের নৌ ও সড়ক যোগাযোগে নতুন দিগন্ত সূচিত হচ্ছে’

আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ১৪:৩৫
 
নৌপথে কার্গো ও সড়কপথে যাত্রী পরিবহনের মধ্যদিয়ে আগামী বছর থেকে ভুটান, বাংলাদেশ, ভারত ও নেপাল (বিবিআইএন)-এই চারটি দেশের মধ্যে যোগাযোগের নতুন দিগন্ত সূচিত হতে যাচ্ছে। সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এক সেমিনারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই কথা বলেন।
 
চার দেশের সমন্বয়ে গঠিত ‘মৈত্রী মোটর শোভাযাত্রা’ রাজধানী ঢাকা ত্যাগের আগে এই সেমিনারের আয়োজন করা হয়।
 
ওবায়দুল কাদের বলেন, ২০১৬ সালের জানুয়ারির মধ্যে কার্গো ও যাত্রী পরিবহনে বিবিআইএন’র রাস্তা নিকট প্রতিবেশী এই চার দেশের পারস্পরিক যোগাযোগের জন্য খুলে দেয়া হচ্ছে।
 
তিনি বলেন, ভারতের সাথে দীর্ঘ ৬৮ বছরের সন্দেহ, অবিশ্বাস দূর করেই সীমান্ত চুক্তি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আমি বিশ্বাস করি, সীমান্তের সব সমস্যাই আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে।
 
সেতুমন্ত্রী বলেন, আমরা নতুন দিকে যাত্রা শুরু করলাম। শুরুতে কিছু-কিছু সমস্যা হয়তো থাকবে। কিন্তু এসব সমস্যার সমাধান করে আমাদেরকে গন্তব্যে পৌঁছাতে হবে।
 
‘আঞ্চলিক যোগাযোগ অবকাঠামো’ নিয়ে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের প্রতিনিধিদের অংশগ্রহণে এই সেমিনারের আয়োজন করা হয়।-বাসস।