মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর আপিল আবেদনের শুনানিতে আসামিপক্ষের প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। মঙ্গলবার পর্যন্ত যুক্তিতর্ক উপস্থাপন মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সোমবার সকাল থেকে যুক্তিতর্ক উপস্থাপন করেন নিজামীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তিনি এ পর্যন্ত নিজামীর বিরুদ্ধে আনা প্রথম দুই অভিযোগে সাক্ষীদের সাক্ষ্যের বিষয়ে সম্পূর্ণ এবং তৃতীয় অভিযোগে সাক্ষীদের সাক্ষ্যের বিষয়ে আংশিক যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে নেতৃত্ব দিচ্ছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার ছাড়াও আগামী বুধবার পর্যন্ত তিনদিন আসামিপক্ষ ও ৭ ডিসেম্বর একদিন যুক্তিতর্ক উপস্থাপন করবেন রাষ্ট্রপক্ষ। ৮ ডিসেম্বর আসামিপক্ষের জবাবি যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে শেষ হবে এ আপিল মামলার শুনানি।
এর আগে গত ৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ছয় কার্যদিবসে ট্রাইব্যুনালের রায়সহ মামলার নথিপত্র উপস্থাপন শেষ হয়েছে।
