পুলিশ সদস্য ও ওলামা লীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড

আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ১৭:০২
 
সিলেটে আলোচিত শিশু আবু সাঈদ (৯) হত্যা মামলায় পুলিশ সদস্যসহ তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুর রশিদ এ রায় ঘোষণা করেন।
 
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন— পুলিশ সদস্য এবাদুর রহমান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত ‘তথ্যদাতা’ আতাউর রহমান ওরফে গেদা ও জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক এন ইসলাম ওরফে রাকীব।
 
মামলা থেকে খালাস পেয়েছেন জেলা ওলামা লীগের প্রচার সম্পাদক মহি হোসেন ওরফে মাসুম। রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়। এ সময় শিশু সাঈদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের প্রতি বিক্ষোভ প্রদর্শন করে। মহি হোসেনকে খালাস দেয়ার ঘটনায় শিশু সাঈদের বাবা ও আইনজীবীরা অসন্তোষ প্রকাশ করেছেন।
 

নগরের শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদকে গত ১১ মার্চ অপহরণ করে হত্যা করা হয়। সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবল এবাদুর রহমানের বাসা থেকে ১৪ মার্চ সাঈদের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ এবাদুর, এন ইসলাম ওরফে রাকীব, আতাউর রহমান ওরফে গেদাকে গ্রেফতার করে। তাঁরা তিনজনই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনজনই উল্লেখ করেন, মোটা অঙ্কের টাকা মুক্তিপণ হিসেবে আদায় করতেই সাঈদকে অপহরণ করেন। তবে সাঈদ তাঁদের চিনে ফেলায় গলা টিপে হত্যা করেন।