নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনের দায়ের করা মানহানি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন মুক্তধারার কর্ণধর বিশ্বজিৎ সাহা ও প্রকাশক মেহেদি হাসান।
সোমবার ঢাকা মহানগর হাকিম মোল্লা সাইফুল আলম তাদের মামলার দায় থেকে অব্যাহতির আদেশ দেন। আদালতে এ সময় শাওনের আমমোক্তার(প্রতিনিধি) মো. ইব্রাহিম উপস্থিত ছিলেন না।
বিশ্বজিৎ সাহা তার লেখা বই ‘হুমায়ূন আহমেদের শেষ দিনগুলো’ বইতে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ সম্পর্কে মিথ্যাচার ও মানহানি করেন বলে অভিযোগ করেন শাওন। আর মেহেদি হাসান বইটি প্রকাশ করায় ২০১৩ সালের ১৪ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে শাওনের পক্ষে মামলাটি দায়ের করেন মো. ইব্রাহিম।
সোমবার আসামি পক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার আদালতে অব্যাহতির আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তাদের মামলা থেকে অব্যাহতি দেন।
বিশ্বজিৎ সাহা বলেন, তার লেখা ‘হুমায়ূন আহমেদের শেষ দিনগুলো’ বইটি হুমায়ূন আহমেদ সম্পর্কে জানার একটি নির্ভযোগ্য দলিল।
