ইতালীয় নাগরিক হত্যা: ২ সাক্ষীর জবানবন্দী

আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ১৭:৪২
 
রাজধানীতে ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লা হত্যা মামলায় দুজন সাক্ষী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই দুজন হলেন তিশা ও আবুল কালাম। সোমবার ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এই দুই সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন।
 
আদালত সূত্র জানিয়েছে, তিশার বাসায় মামলার অন্যতম আসামি ভাগনে রাসেলের যাতায়াত ছিল। আবুল কালাম ভবঘুরে লোক। এই দুই সাক্ষী মামলা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আদালতকে জানিয়েছেন।
 

গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানে তাভেল্লাকে (৫১) গুলি করে হত্যা করা হয়। এ হত্যা মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমের ছোট ভাই এম এ মতিনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এঁদের মধ্যে চারজন তামজিদ আহম্মেদ রুবেল, মিনহাজুল আরেফিন রাসেল, শাখাওয়াত হোসেন ওরফে শরিফ ও সর্বশেষ রাসেল চৌধুরী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা বর্তমানে কারাগারে আছেন।