নারায়ণগঞ্জে স্কুলছাত্রী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ডাদেশ

আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ১৭:৪২
 
 
নারায়ণগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় দেলোয়ার হোসেন নামে একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।
 
সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন। দেলোয়ার  হোসেন ঢাকার ডেমরার সুকুসী এলাকার সুরুজ মিয়ার ছেলে।
 
পাবলিক প্রসিকিউটর রকিবুদ্দিন আহমেদ রকিব চৌধুরী জানান, দেলোয়ার হোসেনের সঙ্গে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সোনিয়া আক্তার সাজেদা ২০০৮ সালের ২৯ আগস্ট সকালে বেড়াতে বের হন। পরে তারা নারায়ণগঞ্জ শহরের দাদা আবাসিক হোটেলে উঠেন। সেখানে ধর্ষণ শেষে সাজেদাকে হত্যা করে দেলোয়ার পালিয়ে যান। এ ঘটনায় ওই ছাত্রীর মা সাবিনা ইয়াসমিন ময়না বাদী হয়ে মামলা করেন। এ মামলায় ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করে।