জীবনযাত্রার অবাস্তবতাগুলো ব্যঙ্গাত্মকভাবে চলচ্চিত্রে তুলে ধরা যার কাজ তিনি হলেন রাশিয়ার প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক এলদার রিয়াজানোভ। সাম্প্রতিক বছর গুলোতে তিনি অসুস্থ ছিলেন, এক মাস আগে তিনি স্ট্রোক করেন। তিনি ৮৮ বছর বয়সে গতকাল মারা গেছেন। তার পরিবারের সদস্য ও সহকর্মীরা তথ্যটি জানিয়েছেন। সংবাদটি প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।
১৯৫৬ সালে তার প্রথম পূর্ণ দৈর্ঘেও ছবি 'কার্নিভাল নাইট' মুক্তি পাওয়ার পর তিনি রাতারাতি বিখ্যাত হয়ে যান। এটি একটি আমেরিকান মিউজিক্যাল স্টাইলের কমেডি। চার কোটি ৫০ লাখের বেশি দর্শক এই ছবি উপভোগ করে।
রিয়াজোনভের নাতি দিমিত্রি ত্রোয়ানোভস্কি ফেসবুকে লিখেছেন, 'আমার দাদা মারা গেছেন।' ভক্তরা শ্রদ্ধা জানিয়ে তার ওয়েবসাইটে অগনিত বার্তা পাঠিয়েছেন। তাদের বার্তায় তার ওয়েবসাইট ভর্তি হয়ে গেছে।
সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পরও তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যান। তবে তার পরবর্তী সিনেমাগুলো আগের মতো খ্যাতি পায়নি। ভলগা নদীর তীরবর্তী নগরী সামারায় জন্ম গ্রহণকারী রিয়াজানভ মস্কোর মর্যাদাশালী গেরাসিমোভ ফিল্ম স্কুল (ভিজিআইকে) অধ্যায়ন করেন। সোভিয়েত ইউনিয়ন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে লিপ্ত তখন তিনি তার শিক্ষাজীবন শুরু করেন।
