রুশ পাইলটের মৃতদেহ ফেরত পাঠিয়েছে তুরস্ক

আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ১৯:৪৩
 
ভূপাতিত রুশ বিমানের পাইলটের মৃতদেহ রাশিয়ায় পাঠিয়েছে আঙ্কারা। গত রবিবার তুরস্ক জানায়, জ্বলন্ত বিমান থেকে প্যারাসুট নিয়ে নামার সময় বিদ্রোহীদের গুলিতে নিহত রুশ পাইলটের মৃতদেহ তাদের কাছে রয়েছে।
 
তুর্কি হামলায় ভূপাতিত এসইউ-২৪ যুদ্ধবিমানটিতে দুজন পাইলট ছিলেন। এদের মধ্যে একজন নিহত হলেও অপরজনকে ১২ ঘণ্টা অভিযান চালিয়ে উদ্ধার করে নিয়ে যায় সিরীয় বিশেষ বাহিনী। তিনি তুরস্কের আকাশসীমা লঙ্ঘন ও কোনরকম সতর্কতা পাওয়ার কথা অস্বীকার করেছিলেন। আর তুরস্কের দাবি আকাশসীমা লঙ্ঘন ও ১০ বার সতর্ক করার পর বিমানটিকে ভূপাতিত করা হয়।
 
রাশিয়ার আনাতোলিয়া বার্তা সংস্থা জানিয়েছে, রাশিয়ার একটি বিমান ওলেগ পেশকভের মরদেহ নিয়ে আঙ্কারার এসেনবোগা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে। তবে এর চেয়ে বেশি কিছু জানায়নি বার্তা সংস্থাটি।
 
গত ২৪ নভেম্বর রাশিয়ার বিমানটিকে একটি এফ-১৬ ফাইটার জেটের 'এয়ার টু এয়ার' ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করে তুরস্ক। এই ঘটনার পর সিরিয়ায় সর্বাধুনিক প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ ও ক্ষেপণাস্ত্রবাহী একটি জাহাজ মোতায়েন করে রাশিয়া। এছাড়াও তুরস্কের সঙ্গে ভিসাবিহীন যাতায়াত স্থগিত ও একগুচ্ছ অর্থনৈতিক অবরোধের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্র: এএফপি