ফেসবুক কর্তৃপক্ষকে তারানা হালিমের চিঠি

আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ২০:২৩
 
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছেন ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সোমবার এ চিঠি পাঠানোর খবর ইত্তেফাককে নিশ্চিত করেছেন তিনি।
 
প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে বাংলাদেশের সাইবার নিরাপত্তার কথা মাথায় রেখে ফেসবুক কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। এতে বাংলাদেশের প্রেক্ষাপটে ফেসবুকের নানা ধরনের অপব্যবহারসহ নেতিবাচক বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
 
তিনি জানান, ফেসবুক কর্তৃপক্ষের কাছ থেকে জবাব পাওয়ার পরই তাদের সঙ্গে আলোচনার বিষয়গুলো চূড়ান্ত করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পক্ষগুলোর সঙ্গে আলোচনা করা হবে।
 
তবে এর সঙ্গে ফেসবুক খোলা বা বন্ধ রাখার কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছেন তারানা হালিম। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তার বিষয়ে সবুজ সংকেত পেলেই ফেসবুকসহ অন্যান্য মাধ্যম চালু করা হবে।