নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের চার কাউন্সিলরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার বিকেলে স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত চারটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্থানীয় সরকারের উপসচিব আবদুর রউফ মিয়া।
বরখাস্ত হওয়া কাউন্সিলররা হলেন- সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল, ৬নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু। কাউন্সিলরদের বরখাস্তের নোটিশ সিটি করপোরেশন ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনসহ ১১টি কার্যালয়ে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, চার কাউন্সিলরের বিরুদ্ধে আনা অভিযোগ আদালত গ্রহণ করায় স্থানীয় সরকার আইন অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হলো। সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আরো তিন কাউন্সিলরকে বরখাস্ত করা হয়।
এ ব্যাপারে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে এখনো এ সংক্রান্ত কোন চিঠি পাইনি।’
প্রসঙ্গত, সাময়িক বরখাস্তকৃত কাউন্সিলরের মধ্যে তিনজন বিএনপি ও একজন আওয়ামী লীগ সমর্থক। শাহজালাল বাদল নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাতিজা।
