ভারতে পরীক্ষামূলক ব্যান্ডউইথ রফতানি শুরু মঙ্গলবার

আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ২০:৪৩
 
ভারতে পরীক্ষামূলকভাবে ব্যান্ডউইথ রফতানি মঙ্গলবার শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।
 
বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন সোমবার বলেছেন, ‘মঙ্গলবার পরীক্ষামূলক ব্যান্ডউইথ সঞ্চালন শুরুর পর ৭ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে রফতানি শুরু হবে।’ আখাউড়ায় ভারতের আগরতলা থেকে আসা কেবল সংযুক্ত হয়েছে বলেও জানান তিনি।
 
সংযোগ লাইন স্থাপনে বিলম্ব হওয়ায় গত আগস্টে নির্ধারিত সময়ে ভারতে ব্যান্ডউইথ রফতানির প্রক্রিয়া শুরু হয়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে গত ৬ জুন ব্যান্ডউইথ রফতানির বিষয়ে চুক্তি স্বাক্ষর করা হয়। ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) মধ্যে এই চুক্তি হয়। গত ২০ এপ্রিল বাংলাদেশের সাবমেরিন কেবলের অব্যবহূত ব্যান্ডউইডথ ভারতে রফতানির চুক্তিতে সায় দেয় মন্ত্রিসভা। ব্যান্ডউইডথ রফতানি হলেও এতে বাংলাদেশে কোনো সঙ্কট হবে না বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা।
 
চুক্তি অনুযায়ী, ১০ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) ব্যান্ডউইথ বাণিজ্যিক ভিত্তিতে লিজে সরবরাহ করা হবে। এতে বাংলাদেশ বছরে বৈদেশিক মুদ্রায় ৯ কোটি ৪২ লাখ টাকা পাবে (এক দশমিক দুই মিলিয়ন মার্কিন ডলার)। চুক্তির মেয়াদ হবে প্রাথমিকভাবে তিন বছর।
 

ভারতের চাহিদা অনুযায়ী ব্যান্ডউইথ রফতানি ৪০ জিবিপিএস পর্যন্ত বাড়ানো যাবে বলেও চুক্তিতে উল্লেখ রয়েছে। বাংলাদেশের একমাত্র সাবমেরিন কেবল সি-মি-ইউ-৪ এর কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া হয়ে আগরতলা দিয়ে এই ব্যান্ডউইথ রফতানি হবে। বর্তমানে ২০০ জিবিপিএস ব্যান্ডউইডথসহ সাবমেরিন কেবলে (সি-মি-ইউ-৪) সংযুক্ত আছে বাংলাদেশ, যার মধ্যে প্রায় ৩০ জিবিপিএস ব্যবহূত হচ্ছে; অব্যবহূত থেকে যায় ১৭০ জিবিপিএস। আগামী বছর ডিসেম্বরে একটি কনসোর্টিয়ামের আওতায় সি-মি-ইউ-৫ বা দ্বিতীয় সাবমেরিন কেবলে সংযুক্ত হবে বাংলাদেশ। এর ফলে অতিরিক্ত ১ হাজার ৩০০ জিবিপিএস ব্যান্ডউইডথ পাওয়া যাবে।