প্যারিসে শুরু জলবায়ু সম্মেলন, ধোঁয়াশায় ঢাকা বেইজিং-দিল্লি

আপডেট : ৩০ নভেম্বর ২০১৫, ২১:৩৬
বিশ্বের সবচেয়ে বড় জনসংখ্যার দুই দেশ চীন ও ভারতের রাজধানী দমআটকানো ধোঁয়াশায় ঢাকা পড়েছে। সোমবার বিশ্বনেতারা জলবায়ু পরিবর্তন রোধে চুক্তিতে পৌঁছতে যখন প্যারিসে মিলিত হয়েছেন তখনই দূষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে বেইজিং ও নয়া দিল্লি। দেশ দুটির শীর্ষ নেতারাও প্যারিস সম্মেলনে যোগ দিয়েছেন।
 
সোমবার বেইজিংয়ে দূষণের সতর্কতা দ্বিতীয় সর্বোচ্চ অবস্থায় তুলে 'কমলা' করে দেয়া হয়। এই মাত্রার সতর্কতায় জারি করা হলে হাইওয়েতে যান চলাচল ও নির্মাণকাজ বন্ধ করে শহরের বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে পরামর্শ দেয়া হয়।
 
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রবিবার বেইজিংয়ের কিছু কিছু স্থানে বায়ুদূষণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবেচিত নিরাপদ মাত্রার চেয়ে ১৭ গুণ ছাড়িয়ে যায়। এই ব্যাপক বায়ুদূষণের জন্য প্রতিকূল আবহাওয়াকে দায়ী করেছে কর্তৃপক্ষ। এছাড়াও, বেইজিংয়ে কয়লানির্ভর কল-কারখানা, বাড়ি গরম রাখার যন্ত্র, নির্মাণাধীন ভবন থেকে ধুলার সঙ্গে আর্দ্র বাতাস মিলে ধোঁয়াশা প্রকট আকার ধারণ করেছে।
 
অপরদিকে নয়া দিল্লিও ধোঁয়াশার চাদরে ঢাকা পড়েছে। কৃষিখামারগুলোতে অনিয়ন্ত্রিত ভাবে ধানের খড়-বিচালি পোড়ানো, স্থানীয়ভাবে দূষণ সৃষ্টিকারী গ্যাস নির্গমনসহ নানা কারণে শহরটিতে বায়ুদূষণ মারাত্মক আকার ধারণ করছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। রয়টার্স।