সম্মেলনে আইনগত বাধ্যবাধকতা চুক্তি হতে হবে- আনোয়ার হোসেন মঞ্জু

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৫, ০১:০৮

পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, দূষণ কম করলেও উন্নত দেশগুলোর দূষণের মারাত্মক প্রভাব পড়েছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর ওপর। দূষণের এ প্রভাবে ঝুঁকিতে থাকা দেশগুলোর জনজীবন, খাদ্য উত্পাদন, প্রতিবেশ এবং উন্নয়ন কর্মকাণ্ডের ওপর বিরূপ প্রভাব পড়ছে। তিনি বলেন, দূষণের হাত থেকে বাঁচতে আন্তর্জাতিক সম্প্রদায় প্যারিস জলবায়ু সম্মেলনে একটি আইনগত বাধ্যবাধকতা চুক্তি করবে বলে সবাই আশা করে।

 
গতকাল সোমবার জাতিসংঘ জলবায়ু শীর্ষ সম্মেলনে ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) আয়োজিত এক অনুষ্ঠানে আনোয়ার হোসেন মঞ্জু এ কথা বলেন।
 
তিনি বলেন, চলতি মাসে ম্যানিলায় অনুষ্ঠিত বৈঠকে ঝুঁকিতে থাকা দেশগুলো পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি গড়ে দেড় শতাংশে নামিয়ে আনার আহ্বান জানিয়েছিল। এ লক্ষ্যমাত্রা অর্জন অবাস্তব নয়, বরং এটি অর্জনযোগ্য। সিভিএফভুক্ত অনেক দেশ তাদের সীমিত সম্পদ দিয়ে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলা করছে বলেও তিনি উল্লেখ করেন।
 
তিনি বলেন, ২০১৪ সালে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘বাংলাদেশ কখনোই গড় দূষণের মাত্রা উন্নয়নশীল দেশের গড়কে অতিক্রম করবে না। বড় দূষণকারী দেশগুলো বাংলাদেশের স্বপ্রণোদিত এ ঘোষণা থেকে উদ্বুদ্ধ হতে পারে’।
 
আনোয়ার হোসেন মঞ্জু আরো বলেন, ম্যানিলায় অনুষ্ঠিত সিভিএফ ফোরামের বৈঠকে যে ঘোষণাপত্র তৈরি করা হয়েছে প্যারিস সম্মেলনে আমরা তার বাস্তবায়ন চাই। দূষণ কমাতে প্যারিসে যে চুক্তি হবে তা হতে হবে আইনগত বাধ্যবাধকতাযুক্ত, স্বচ্ছ এবং সবার জন্য অবশ্য পালনীয়।
 
তিনি বলেন, যে কোন চুক্তি মেনে চলতে হলে বাংলাদেশের মতো দেশগুলোর প্রয়োজন অর্থ, প্রযুক্তি এবং সক্ষমতা বৃদ্ধি। বাংলাদেশ আশা করে উন্নত দেশগুলো এক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করবে।
 
নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাত্  
 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে গতকাল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশের পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। প্যারিসে অনুষ্ঠিত শীর্ষ জলবায়ু সম্মেলনের হলে তাদের দু’জনের মধ্যে সাক্ষাত্ হয়।
 
নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশকে তিনি হৃদয়ে ধারণ করেছেন। তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও উল্লেখ করেন। এ সময় দৈনিক ইত্তেফাকের প্রকাশক এবং কার্যনির্বাহী পরিচালক তারিন হোসেনও উপস্থিত ছিলেন।