উইন্ডোজ পিসি ও ম্যাকে চলবে প্লেস্টেশন ফোরের গেম

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৫, ০১:৪৬

এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গেম কনসোল হিসেবে স্বীকৃতি পেয়ে আসছে সনির প্লেস্টেশন ফোর বা পিএস ফোর। এবারে এই গেম কনসোলের গেমগুলো সরাসরি স্ট্রিমিংয়ের সুযোগ আসছে উইন্ডোজ পিসি এবং অ্যাপলের ম্যাকে। অনেকটা আচমকাই এই ঘোষণা এসেছে সনির কাছ থেকে।

 
ফলে স্বাভাবিকভাবেই গেমপ্রেমীদের কাছে এই খবর আনন্দের উপলক্ষ হয়েই হাজির হয়েছে। সনি ওয়ার্ল্ডওয়াইড স্টুডিওর প্রেসিডেন্ট সুহেই ইয়োশিদা তার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এক টুইটে এই খবরটি জানিয়েছেন। তিনি তার টুইটে জানিয়েছেন, সনি এমন একটি অ্যাপ তৈরির কাজ চালিয়ে যাচ্ছে যার মাধ্যমে এই স্ট্রিমিংয়ের কাজটি সম্পন্ন হবে।
 
তিনি টুইটে লিখেছেন, ‘অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন পিসিতে গেম চালানোর জন্য দূরনিয়ন্ত্রিত কোনো পদ্ধতি শুরুর পরিকল্পনা আমাদের রয়েছে কি না। আমরা আনন্দের সাথে জানাতে চাই, হ্যাঁ, আমরা পিসি বা ম্যাকে গেম চালানোর জন্য এমন একটি অফিশিয়াল তৈরির জন্য কাজ করে যাচ্ছি।’
 
এতদিন পর্যন্ত প্লেস্টেশনের গেমগুলো সনির পোর্টেবল গেম কনসোল প্লেস্টেশন ভিটা এবং সনির নির্দিষ্ট কিছু স্মার্টফোনে স্ট্রিমিংয়ের সুযোগ ছিল। ‘রিমোট প্লে’ শীর্ষক একটি ফিচারের মাধ্যমে এই সুবিধাটি পেতেন প্লেস্টেশন ব্যবহারকারীরা।
 
প্লেস্টেশন টিভির মাধ্যমেও সুযোগ ছিল অন্য টিভিতে এসব গেম স্ট্রিমিং করার। তবে উইন্ডোজ পিসি বা অ্যাপলের ম্যাকে এসব গেম স্ট্রিমিংয়ের কোনো সুবিধা ছিল না। এই সুবিধাটিই এবারে নিয়ে আসতে যাচ্ছে সনি। এর জন্য সনি তাদের রিমোট প্লে ফিচারকেই বিশেষভাবে ডিজাইন করে তৈরি করছে একটি অ্যাপ যার মাধ্যমে পিসি এবং ম্যাকেও চলবে প্লেস্টেশন ফোরের গেমগুলো। সনি জানিয়েছে, এর মধ্যেই তাদের এই অ্যাপ তৈরির কাজটি অনেকদূর এগিয়ে গিয়েছে।
 

তবে কবে নাগাদ এটি আনুষ্ঠানিকভাবে সকলের জন্য উন্মুক্ত করা হবে, সে সম্পর্কে কোনো তথ্য জানায়নি সনি।