ঢাকা মহানগরসহ দেশের বিভাগীয় ও জেলা সদরে অবস্থিত (চট্টগ্রাম মহানগর ছাড়া) সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তির আবেদন ফরম পূরণ ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই কার্যক্রমের উদ্বোধন করেন।
দেশের ১৭৫টি সরকারি স্কুলে অনলাইনে এই ভর্তির কার্যক্রম চলবে। পূর্ব ঘোষণা অনুযায়ী আবেদনপত্র গ্রহণের শেষ সময় ১৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
অনলাইনে ভর্তি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিত ছিলেন।
