আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়ন সূচকে আরো একধাপ এগিয়ে ১৪৪তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। ২০১৪ সালে এই উন্নয়ন সূচকের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান দেখানো হয়েছিল ১৪৫তম। প্রতি বছরই ১৬৭টি দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সূচক প্রকাশ করে জাতিসংঘের টেলিকমিউনিকেশন-ভিত্তিক এ সংস্থাটি। ২০১০ সাল থেকে তথ্যপ্রযুক্তির এ সূচক অনুযায়ী, গত পাঁচ বছরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বাংলাদেশ চার ধাপ এগিয়েছে। ২০১০ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৮।
আইটিইউয়ের প্রতিবেদনে বলা হয়েছে, যে ১৬৭টি দেশ নিয়ে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, সে সব দেশই ২০১০ সালের তুলনায় ২০১৫ সালে এসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে এগিয়েছে। এর মধ্যে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো বেশি উন্নতি করেছে। এ অঞ্চলের দক্ষিণ কোরিয়া, হংকং, জাপানের মতো ছয়টি দেশ শীর্ষ ২০টি দেশের মধ্যে স্থান করে নিয়েছে। তালিকায় সবচেয়ে কম ইন্টারনেট সুবিধায় থাকা দেশের মধ্যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান পড়ে গেছে। ১৬৭টি দেশের মধ্যে তালিকায় শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া, ডেনমার্ক ও আইসল্যান্ড।
প্রসঙ্গত, আইটিইউয়ের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে ৩২০ কোটি মানুষ এখন অনলাইনের আওতায় চলে এসেছে, যা বিশ্বের মোট জনসংখ্যার ৪৩ দশমিক ৪ শতাংশ। এ ছাড়া মোবাইল সাবস্ক্রিপশন বা গ্রাহকের সংখ্যা প্রায় ৭১০ কোটিতে পৌঁছেছে। অর্থাৎ, বিশ্বের ৯৫ শতাংশ মানুষ মোবাইল নেটওয়ার্কের আওতায় চলে এসেছে।
