কারও নির্দেশে তাড়াহুড়া করে তফসিল ঘোষণা করা হয়নি বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।
মঙ্গলবার শেরেবাংলা নগরে ইসি কার্যালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহনেওয়াজ বলেছেন, ‘আমরা আগে থেকে বলে এসেছি ডিসেম্বরে ভোট করব। এখন কেউ যদি বলে আমরা তাড়াহুড়া করে তফসিল করেছি, কারো নির্দেশে তফসিল ঘোষণা করা হয়েছে- এটা সম্পূর্ণ মিথ্যা, অসত্য কথা।’
এর আগে মঙ্গলবার বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন অভিযোগ করেন, ‘বর্তমান ইসি একচোখা; তারা ভোটার ও জনগণের দিকে তাকায় না, শুধু সরকারের দিকে তাকিয়ে থাকে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির প্রতি ইঙ্গিত করে নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেন, ‘এ অভিযোগ সম্পূর্ণ অসত্য। আমরা সম্পূর্ণ নিরপেক্ষ। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে।’
ভোটের তারিখ না পেছানোর ব্যাখ্যা তুলে ধরে এই নির্বাচন কমিশনার জানান, সামনে বিশ্ব ইজতেমা, হালনাগাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ রয়েছে, এসএসসি পরীক্ষা রয়েছে।
