ভারতীয় কট্টরপন্থী হিন্দুত্ববাদীদের তোপের মুখে পড়ার পর মি. পারফেকশনিস্ট আমিরের পাশে দাঁড়ালেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সরাসরি আমিরের প্রসঙ্গ না এনে শাহরুখ বলেন, ‘নিজেকে দেশপ্রেমিক হিসেবে বড়াই করার দরকার পড়ে না। দেশের কথা ভেবে নিজে ভাল থাকলেই আর দেশের উন্নতির জন্য চিন্তা-ভাবনা করলেই দেশপ্রেমিক হওয়া যায়। আর কিছুর প্রয়োজন হয় না।’
তিনি আরো বলেন, ‘দেশের কীসে ভাল হয়, তার জন্যই আমাদের কাজ করতে হবে, কাজ করে যেতে হবে। আর আমরা যদি আন্তরিক ভাবেই নিজে সৎ থেকে সেই কাজটা করে যাই, তা হলেই মঙ্গল হবে দেশের। দেশপ্রেমিক বলে নিজেদের ঢাক পেটাতে হবে না। আর আমরা যদি দুর্নীতিগ্রস্ত হই, হই সংকীর্ণমনা বা একেবারেই প্রাদেশিক মনোভাবপন্ন, তা হলে যে কথাই বলি না কেন, যা-ই বড়াই করি না কেন, তাতে আমাদের দেশরই ক্ষতি হবে।’
ভারতে উত্তরোত্তর বেড়ে চলা সাম্প্রদায়িকতার আবহে আমিরের মন্তব্য নিয়ে রাজনৈতিক মহল ও সামাজিক মাধ্যমে তুমুল হই চই হয়ে যাওয়ার পর এই প্রথম মুখ খুললেন শাহরুখ। এর আগে নিজের ৫০তম জন্মদিনেও ভারতীয় সমাজে ক্রমবর্ধমান অসহিষ্ণুতার সমালোচনা করেছিলেন শাহরুখ।
