প্যারিসে পর্যটকদের ফিরে আসার আহ্বান ফরাসী প্রধানমন্ত্রীর

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৫, ১৮:৪৩
প্যারিসে পর্যটকদের ফিরে আসার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস। গত মাসে প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর থেকে শহরটি এড়িয়ে চলছেন পর্যটকরা।
 
ফরাসী রেডিওতে দেয়া ভাষণে ম্যানুয়েল ভালস বলেন, 'প্যারিসে আসুন। আপনাদের নিরাপত্তা নিশ্চিত রয়েছে।' ভাষণে প্যারিস সফর বাতিলকারী পর্যটকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, প্যারিসে আসুন, অর্থ খরচ করুন ও রাজধানীর সাংস্কৃতিক আকর্ষণগুলো উপভোগ করুন।
 
গত মাসের ১৩ তারিখ প্যারিসের জনপ্রিয় বাটাক্ল কনসার্ট হল, রেস্টুরেন্ট ও ক্যাফেতে হামলার পর অর্থনীতিতে এর প্রভাব এখনো নিরূপণ করা হয়নি। তবে শহরটির হোটেল ও রেস্টুরেন্টগুলো উল্লেখযোগ্য সংখ্যায় ক্রেতা কমে যাওয়ার অভিযোগ করছে। বড়দিন ও নতুন বছরের প্রাক্কালে এই সময়টাতে সাধারণত ব্যস্ত থাকে রেস্টুরেন্ট ও বিপণী বিতানগুলো। সূত্র: এনডিটিভি