ভারতীয় সমাজে ক্রমবর্ধমান ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে বলিউড অভিনেতাসহ বিশিষ্টজনদের পর মুখ খুললেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। আহমেদাবাদের সবরমতী আশ্রমে গিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম না নিয়ে খোঁচা দিয়ে বলেছেন, ‘আমাদের দেশে আসল নোংরা রাস্তায় নেই, রয়েছে আমাদের মনে’। আশ্রমটি মহাত্মা গান্ধী প্রতিষ্ঠা করেছিলেন।
ভারতে নরেন্দ্র মোদী ‘স্বচ্ছ ভারত মিশন’ বা পথঘাট পরিষ্কার রাখার বিশাল অভিযান শুরু হয়েছে, রাষ্ট্রপতির বক্তৃতায় তার প্রতি সূক্ষ্ম খোঁচা আছে বলে অনেক পর্যবেক্ষক মনে করছেন।
প্রণব মুখার্জী অবশ্য ‘স্বচ্ছ ভারত’ মিশনেরও প্রশংসা করেছেন। সেই সঙ্গে বলেছেন, ‘প্রতিদিন আমরা আমাদের চোখের সামনে অভূতপূর্ব হিংসা ঘটতে দেখছি। আর এই হিংসার মূলে আছে অন্ধকার, ভয় আর অবিশ্বাস।’ তিনি আরো বলেন,‘এই ক্রমবর্ধমান হিংসা মোকাবিলা করতে আমাদের নতুন নতুন পথ যেমন বের করতে হবে, তেমনি আমাদের অহিংসা, সংলাপ আর যুক্তির ক্ষমতাকে ভুলে গেলেও চলবে না।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাটে গিয়ে রাষ্ট্রপতির এই বক্তব্য চলমান বিতর্কে নতুন মাত্রা যোগ করবে তাতে সন্দেহ নেই। ভারতের সংসদে এই মুহূর্তে যে শীতকালীন অধিবেশন চলছে, সেখানেও অসহিষ্ণুতার প্রশ্নে শাসক জোট ও বিরোধীদের মধ্যে তুমুল বিতর্ক হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই উগ্র হিন্দুত্ববাদীদের মদত দেয়ার অভিযোগ রয়েছে ক্ষমতাসীন বিজেপি ও তার অঙ্গ সংগঠনগুলোর বিরুদ্ধে। সূত্র: বিবিসি
