মস্কোর সঙ্গে উত্তেজনা কমাতে এরদোগানের প্রতি ওবামার আহ্বান

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৫, ২০:৫১
 
রাশিয়ার সঙ্গে উত্তেজনা প্রশমনে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগানের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন যে এর ফলে সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) বিরোধী লড়াই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেইসঙ্গে ন্যাটো জোটভুক্ত দেশটির নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের নীতি অপরিবর্তিত থাকার কথাও জানান ওবামা।
 
সিরিয়ায় রাশিয়ার একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার এক সপ্তাহ পর প্যারিসে জলবায়ু সম্মেলনে দুই নেতার বৈঠকে একথা বলেন ওবামা। এরদোগানের সঙ্গে আলোচনায় ওবামা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সুর মিলিয়ে বলেন, 'সব পক্ষেরই উচিৎ আইএসের বিরুদ্ধে লড়াই জারি রাখা। আইএস আমাদের সাধারণ শত্রু।' সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একই আহ্বান জানিয়েছিলেন।
 
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তুরস্কের অভিযোগ রাশিয়া আইএস জঙ্গিদের চেয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী বিদ্রোহীদের প্রধান লক্ষ্য বানাচ্ছে। তবে সম্প্রতি আঙ্কারা ও মস্কোর মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় পুতিনের ওপর এনিয়ে চাপ সৃষ্টি করতে পারছেন না ওবামা। পুতিন চান যে সিরিয়ায় আসাদ সরকার ক্ষমতায় থাকুক আর যুক্তরাষ্ট্র, তুরস্কসহ পশ্চিমা বিশ্ব আসাদকে ক্ষমতা ছাড়তে চপ প্রয়োগের পক্ষপাতী।