টালিউড পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় প্রথম ভারতীয় পরিচালক হিসেবে বিখ্যাত ইউনেস্কোর ঐতিহ্যবাহী ‘ফেলিনি’ পুরস্কার পেলেন। গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই পুরস্কার জেতেন তিনি। সোমবার উৎসবের শেষ দিনে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
বাংলার ‘সিঙ্গল স্ক্রিন থিয়েটার’ এর উপর বানানো তার ‘সিনেমাওয়ালা’ ছবিটির জন্য এই পুরস্কার পেয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। আনন্দবাজার পত্রিকার এক খবরে এ তথ্য জানানো হয়।
পুরস্কার জয়লাভের বিষয়ে কৌশিক জানান ‘প্রথম ভারতীয় পরিচালক হিসেবে এরকম একটি পুরস্কার জিতে সত্যিই আনন্দিত। এর আগে এই পুরস্কার জিতেছেন ক্লিন্ট ইস্টউডের মতো পরিচালক। তাই এই পুরস্কার জেতা সত্যিই গৌরবের’।
সিনেমাওয়ালা’র সঙ্গে আরও তিনটি ভারতীয় ছবিও এই পুরস্কারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কিন্তু সবশেষে সিনেমাওয়ালাই জয়লাভ করে।
উল্লেখ্য, ছবিটিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী বছরের প্রথম দিকে।
