ইস্তাম্বুলের মেট্রো স্টেশনে বিস্ফোরণ, আহত ৫

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৫, ১১:৪৭

তুরস্কের স্থানীয় সময় মঙ্গলবার বিকালে বৈরমপাশা মেট্রো স্টেশনে বিস্ফোরনের ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। ঘটনার পর কর্তৃপক্ষ মেট্রো স্টেশনের সকল সেবা বন্ধ করে দিয়েছে।

ইস্তাম্বুলের গভর্নর বাসিপ সাহিন কেবল একজন সামান্য আহত হওয়ার কথা বলেছে। কিন্তু বৈরমপাশা জেলা মেয়র আতিল্লা আইদিনার বলেছেন যে, পাঁচজন আহত হয়েছেন। তুরস্ক কর্তৃপক্ষ এ ঘটনায় কেবল ‘ঘটনার কারণ অজানা’ বলা ছাড়া আর কোন আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

 
তুরস্কের হ্যাবারটার্ক টিভি তাদের প্রতিবেদনে বৈদ্যুতিক ট্রান্সফর্মার এ বিস্ফোরণের কারণ হতে পারে বলে উল্লেখ করেছে। কিন্তু তারা নিশ্চিত হতে পারেনি বিষয়টি নিয়ে। উল্লেখ্য, ইস্তাম্বুলের মেট্রো বেশিরভাগ অংশ মাটির নিচে। তবে বৈরমপাশাসহ কিছু স্থানে মাটির ওপর দিয়ে মেট্রো চলাচল করে। আর এ বিস্ফোরণের ঘটনাটি মাটির ওপর অংশে ঘটেছে।
 
 
তুরস্ক গত কয়েক মাসে বেশ কয়েক দফা বোমা বিস্ফোরণে প্রকম্পিত হয়েছে। যার মধ্যে আঙ্কারার শান্তি শোভাযাত্রায় অক্টোবর মাসে ঘটে যাওয়া বোমা বিস্ফোরনে প্রায় ১০০ জন নিহত হয়েছিল। সে হামলার জন্য তুরস্ক কর্তৃপক্ষ ইসলামিক স্টেট বা আইএসকে দায়ী করেছিল। আল জাজিরা।