আপিলে নিজামীর যুক্তিতর্ক উপস্থাপন চলছে

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৫, ০৯:৩৮
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর পক্ষে তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। বুধবার ৯টা ৫ মিনিট থেকে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে যুক্তিতর্ক উপস্থাপন চলছে। 
 
বেঞ্চের অন্য তিন সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
 
আদালতে নিজামীর পক্ষে যুক্তি উপস্থাপন করছেন তার আইনজীবী অ্যাডভোকেট এস এম শাহজাহান। এর আগে গত ১ ডিসেম্বর ও ৩০ নভেম্বরও নিজামীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।
 
গত ২৫ নভেম্বর আদালত ৩০ নভেম্বর, ১ ডিসেম্বর ও ২ ডিসেম্বর এই তিন দিন নিজামীর পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করেন। আর ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করবেন। এছাড়া ৮ ডিসেম্বর পাল্টা যুক্তিতর্ক উপস্থানের জন্য দিন ধার্য রয়েছে।
 
২০১৪ সালের ২৯ অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মতিউর রহমান নিজামীকে ফাঁসির দণ্ড দেন। রায়ে ১৬টি অভিযোগের মধ্যে আটটি অভিযোগ প্রমাণিত হয়। এর মধ্যে ২, ৪, ৬ ও ১৬ নম্বর অভিযোগে বুদ্ধিজীবী গণহত্যা, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, সম্পত্তি ধ্বংস, দেশত্যাগে বাধ্য করার অপরাধে রায়ে নিজামীর ফাঁসির দণ্ড দেয়া হয়।
 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর দেয়া এ রায়ের বিরুদ্ধে একই বছরের ২৩ নভেম্বর সুপ্রিম কোর্টে আপিল করেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী। ৬ হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চেয়েছেন নিজামী।