একাত্তরের মানবতবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর আপিলের ওপর যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন তার আইনজীবীরা। বুধবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে এই যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। আগামী ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবে।
নিজামীর পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও আইনজীবী এএসএম শাহজাহান যুক্তিতর্ক উপস্থাপন করেন। এসময় তারা নিজামীর মৃত্যুদণ্ডের সাজা কমানোর জন্য আবেদন করেন।
২০১৪ সালের ২৯ অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মতিউর রহমান নিজামীকে ফাঁসির দণ্ড দেন। রায়ে ১৬টি অভিযোগের মধ্যে আটটি অভিযোগ প্রমাণিত হয়। এর মধ্যে ২, ৪, ৬ ও ১৬ নম্বর অভিযোগে বুদ্ধিজীবী গণহত্যা, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, সম্পত্তি ধ্বংস, দেশত্যাগে বাধ্য করার অপরাধে রায়ে নিজামীর ফাঁসির দণ্ড দেয়া হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর দেয়া এ রায়ের বিরুদ্ধে একই বছরের ২৩ নভেম্বর সুপ্রিম কোর্টে আপিল করেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী। ৬ হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চেয়েছেন নিজামী।
