আরব নারীর অনুকরণে নির্মিত হয়েছে ‘স্ট্যাচু অব লিবার্টি’

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৫, ১৩:৩১
 
গণতন্ত্র ও মুক্তির প্রতীক ‘স্ট্যাচু অব লিবার্টি’ ফরাসি ভাস্করের ডিজাইন করা আরব নারী মূর্তির অনুকরণে নির্মিত হয়েছে। ঐ ভাস্কর প্রথমে মিসরের একটি প্রকল্পের জন্য একজন আরব নারীর ভাস্কর্য তৈরি করেছিলেন। সম্প্রতি গবেষকরা এই তথ্য জানিয়েছেন।
 
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া ও অন্যান্য মুসলিম প্রধান দেশ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশ নিয়ে উত্তপ্ত বিতর্কের মধ্যে গবেষকরা এই চমকপ্রদ তথ্য আবিষ্কার করলেন।
 
IMG0
 
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পার্ক সার্ভিস জানিয়েছে, ফরাসি ভাস্কর ফ্রেডেরিক অগাস্টি বার্থোলদি ১৮৫৫ সাল থেকে ১৮৫৬ সাল পর্যন্ত মিসর সফর করেন। তিনি সেখানে বিরাট আকৃতির সরকারি স্মৃতিস্তম্ভ ও প্রস্তরে খোদাই ভাস্কর্য নির্মাণ করেন।
 
মিসরীয় সরকার ১৮৬৯ সালে যখন সুয়েজ খালের জন্য একটি লাইট হাউস নির্মাণের কথা ভাবছিল, বার্থোলদি তখন একটি বিরাট নারী মূর্তির ডিজাইন করেন। ঢোলা জামা পরা মূর্তিটির হাতে একটি মশাল ছিল।
 
IMG1
 
তিনি এই মূর্তির নাম দেন ‘মিসর এশিয়ার জন্য আলো নিয়ে এসেছে।’ তিনি ‘ঘোমটা দেয়া এক কৃষাণী’কে দেখে এই মূর্তির ডিজাইন করেন।
 
১৮৭০ সালে বার্থোলদি পূর্ববর্তী মূর্তির অনুকরণে ‘স্ট্যাচু অব লিবার্টি’ নির্মাণ করেন। ১৮৮৬ সালে মূর্তিটি উন্মোচন করা হয়। ন্যাশনাল গার্ড নিউইয়র্কের ‘স্ট্যাচু অব লিবার্টি’ পাহারার দায়িত্বে নিয়োজিত।