সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, তার দেশের যুদ্ধে রাশিয়া অংশগ্রহণ করার পর থেকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) 'কোণঠাসা' হওয়া ছাড়াও উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হয়েছে। গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে রাশিয়া তার মিত্র আসাদের পক্ষ নিয়ে আইএসের ওপর বিমান হামলা শুরু করে।
চেক রিপাবলিকের একটি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাতকারে আসাদ দাবি করেন, মার্কিন বিমান হামলা যা করতে পারেনি রুশরা তা করে দেখিয়েছে। এসময় তিনি তুরস্ক কর্তৃক রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করারও নিন্দা জানান।
তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের অভিযোগ, রাশিয়া আইএসকে যতোটা না লক্ষ্যবস্তু বানাচ্ছে তার চেয়ে বেশি আসাদবিরোধী বিদ্রোহীদের দমন করাতেই তারা অধিক মনযোগী। গত মাসে রাশিয়ার অধিকাংশ হামলা আসাদবিরোধী 'মডারেট বিদ্রোহীদের' বিরুদ্ধে ছিল বলেও যুক্তরাষ্ট্র অভিযোগ করেছিল।
প্রেসিডেন্ট আসাদ বলেন, গত বছর সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র বিমান হামলা শুরু করার পর থেকে আইএস শক্তিশালী হতে থাকে। এসময় সারাবিশ্ব থেকে ইসলামি জঙ্গিদের আইএসে যোগ দেয়া বাড়তে থাকে। তিনি বলেন, সম উদ্দেশ্যে যখন রাশিয়া লড়াইয়ে অংশ নেয় আইএস, আল নুসরা ফ্রন্টসহ অন্যান্য জঙ্গি সংগঠনগুলো কোণঠাসা হতে থাকে। সূত্র: বিবিসি
