আইএসবিরোধী যুদ্ধে বিদেশি সৈন্যের প্রয়োজন নেই: ইরাক

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৫, ১৯:১৮
 
ইরাকের প্রধানমন্ত্রী বলেছেন যে তার সরকারের অনুমোদন ছাড়া কোনো বিদেশি সেনা ইরাকের মাটিতে মোতায়েন হতে পারে না। তিনি বলেন, 'ইরাকে কোনো বিদেশি স্থল সেনার প্রয়োজন নেই আমাদের।'
 
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব অ্যাশটন কার্টার ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধ করতে বিশেষ বাহিনীকে কাজে লাগানোর কথা বলার প্রতিক্রিয়ায় একথা জানান ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আব্বাদি।
 
আব্বাদি বলেন, 'সরকার এটা জোর দিয়ে জানাচ্ছে যে ইরাকের যেকোনো যায়গায় কোনো বাহিনী তা বিশেষ হোক বা সাধারণ, পূর্বানুমতি ও সমন্বয় ছাড়া মোতায়েন করা যাবে না। ইরাকের সার্বভৌমত্বের প্রতি তাদের পূর্ণ সম্মান দেখাতে হবে।'
 
এর আগে পেন্টাগন-প্রধান অ্যাশটন কার্টার মার্কিন কংগ্রেসকে জানান, বিশেষ বাহিনীর সদস্যরা আইএসবিরোধী অভিযান পরিচালনা, জিম্মি উদ্ধার, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সিরিয়া ও ইরাকে জঙ্গি নেতাদের আটক করতে বিশেষভাবে কাজ করবে। সূত্র: আল জাজিরা