আফ্রিকায় ২০৫০ সালের মধ্যে দ্বিগুণেরও বেশি হবে বালিকা বধূ

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৫, ২২:০৯
আফ্রিকার অনেক দেশে দ্রুত অর্থনৈতিক উন্নয় হলেও বিভিন্ন সামাজিক নীতি বাস্তবায়নে হিমশিম খাচ্ছে মহাদেশটির অনেকগুলো দেশ। এর ফল হিসেবে আগামী ৩৫ বছরের মধ্যে সেখানে বালিকা বধূর সংখ্যা দ্বিগুণেরও বেশি হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।
 
জাম্বিয়ায় আফ্রিকান ইউনিয়নের গার্লস সামিটে প্রকাশ করা রিপোর্টে ইউনিসেফ জানিয়েছে, নীতিতে বড়রকম পরিবর্তন না নিয়ে আসতে পারলে ২০৫০ সালের মধ্যে আফ্রিকায় বালিকা বধুর সংখ্যা সাড়ে ১২ কোটি থেকে থেকে বৃদ্ধি পেয়ে ৩১ কোটিতে গিয়ে দাঁড়াবে।
 
গবেষণকরা বলছেন, আফ্রিকার কিছু দেশ বাল্যবিবাহ হ্রাস করতে সক্ষম হলেও অন্যান্য দেশগুলোতে বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে কিছু দেশে বাল্য বিবাহ হ্রাস পাচ্ছে এটা ঠিক তবে অপেক্ষাকৃত গরিব দেশগুলোতে এই অবস্থা আগের মতোই রয়েছে এবং কিছু ক্ষেত্রে আরো খারাপ হয়েছে।
 
ইউনিসেফের একজন পরিসংখ্যানবিদ ও রিপোর্টটির সহলেখক ক্লডিয়া কাপ্পা জানিয়েছেন, ১৯৯০ সালের পর থেকে এখন পর্যন্ত আফ্রিকায় বাল্যবিবাহের হার কমেছে তবে বর্ধিত জনসংখ্যার তুলনায় এই অগ্রগতি সামান্য। সূত্র: আল জাজিরা