ক্যালিফোর্নিয়ায় হামলা : ২ সন্দেহভাজন হামলাকারী নিহত

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৫, ১০:২৮
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো শহরের একটি প্রতিবন্ধী সেবা কেন্দ্রে বন্দুকধারীদের হামলায় ১৪ জন নিহত পর সন্দেহভাজন দুইজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। খবর বিবিসির।
 
পুলিশ জানায়, নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। 
তাদের কাছ থেকে রাইফেল, হ্যান্ডগান উদ্ধার করা হয়। তাদের পোষাক ছিল সামরিক কায়দার।
 
বুধবার বন্দুকধারীরা অতর্কিত গুলি চালায়। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছিল।
 
এদিকে স্যান বার্নার্ডিনো পুলিশ ডিপার্টমেন্ট টুইটারে বলেছে যে, 'নিশ্চিতভাবে ১ থেকে ৩ জন বন্দুকধারী ছিল।'
 
লস অ্যাঞ্জেলস টাইমসের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি স্থানীয় সময় সকাল ১১টায় স্যান বার্নার্ডিনো সিটির সমাজসেবা অফিসে ঘটে। প্রতিবেদনটিতে এক পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, বন্দুকধারী গুলি করতে ভারি অস্ত্র ব্যাবহার করেছিল।
 
গোয়েন্দা সংস্থা এফবিআই এই হামলাকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে ব্যাখ্যা দেয়নি, তবে পরিস্থিতি তদন্ত করা হচ্ছে বলে জানাচ্ছে সংস্থাটি।
 
গোয়েন্দা সংস্থা, এফবিআইয়ের সহকারী পরিচালক, ডেভিড বোডিচ বলেন, 'হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। শত শত নিরাপত্তা কর্মকর্তা হামলাকারীদের খুঁজতে থাকলে শহরটি কার্যত স্থবির হয়ে পরে।'
 
তিনি আরও বলেন, 'অনেকেই হয়তো এখন জানতে চাইছেন যে, এটি সন্ত্রাসবাদী হামলা কিনা—কিন্তু এটি সন্ত্রাসী হামলা কিনা সেটি আমরা এখনো জানি না। আমরা স্থানীয় সংস্থাগুলোর সঙ্গে এখন কাজ করে যাচ্ছি।'