‘অল্প সময়ের মধ্যেই খুলবে ফেসবুক’

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৫, ১৪:১৯
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আশা প্রকাশ করেছেন, বন্ধ করে দেয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অল্প সময়ের মধ্যেই খুলে দেয়া যাবে। 
 
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে তথ্য-প্রযুক্তি বিতর্ক উৎসব নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
 
তবে ফেসবুক কখন খুলে দেয়া হচ্ছে, সে বিষয়ে পলক সাংবাদিকদের বলেন, ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। আশা করছি, খুব অল্প সময়ের মধ্যেই আমরা ফেসবুক খুলে দিতে পারব।
 
তিনি বলেন, সুনির্দিষ্ট দিন বা সময় বলতে পারছি না। তবে অল্প সময়ের মধ্যে ফেসবুক আনব্লক করে দিব বলে জানাচ্ছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পেলেই তা খুলে দেয়া হবে।
 
বাংলাদেশে নিরাপত্তার কারণ দেখিয়ে গত ১৮ নভেম্বর ফেসবুকসহ অনলাইনে যোগাযোগের কয়েকটি অ্যাপ বন্ধ করা হয়। কিন্তু বিকল্প উপায়ে সেগুলো ব্যবহার করা যাচ্ছে।
 
ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে ফেইসবুক কর্তৃপক্ষকে চিঠি পাঠানোর পর তার উত্তরে আলোচনার আগ্রহও প্রকাশ করেছে জনপ্রিয় এ যোগাযাগ মাধ্যম।