আলোকসজ্জায় কমে ওয়াই-ফাইয়ের গতি!

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৫, ১৩:০৭
আলোকসজ্জার কারণে ওয়াই-ফাই ইন্টারনেটের গতি কমে যায় বলে দাবি করেছে যুক্তরাজ্য ভিত্তিক ইন্টারনেট ওয়াচডগ অফ-কম। শুভ বড়দিন উপলক্ষে বিভিন্ন দেশে ক্রিসমাস ট্রিতে যে আলোকসজ্জা করা হয় সে জন্য ওয়াই-ফাই ইন্টারনেটের গতি কমে যায় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
 
ব্যবহারকারীদের বাসার ওয়াই-ফাই ইন্টারনেটের গতি মাপতে একটি অ্যাপ তৈরি করেছে অফ-কম। অ্যাপটি রিসার্চের পাশাপাশি এরই মধ্যে গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। অ্যাপটির মাধ্যমে ৬০ লাখ বাড়ি ও অফিসে পরীক্ষা চালানো হয়েছে। এতে দেখা গেছে, আলোকসজ্জার পর ওয়াই-ফাই ইন্টারনেটের গতি কমেছে। কি কারণে গতি কমেছে তাও বলে দেবে অ্যাপটি।
 
এক বিবৃতিতে অফ-কম বলেছে বেবি মনিটর, মাইক্রো ওভেনের মতো ডিভাইসও ওয়াই-ফাইয়ের গতি কমাতে পারে। যুক্তরাজ্যের ২০১৫ সালের টেলিকম ও ওয়ারলেস নেটওয়ার্কের গতির বিষয়ে একটি রিপোর্টও প্রকাশ করেছে দেশটির টেলিকমিউনিকেশন ওয়াচডগ অফ-কম।
 
রিপোর্টে বলা হয়েছে দেশটির ২৭ শতাংশ বাড়িতে উচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট রয়েছে। এর গতি প্রতি সেকেন্ডে ৩০ মেগাবিট। গত বছর এই গতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করতো ২১ শতাংশ ব্রিটিশ।
 
দেশটির ৮৩ শতাংশ বাড়িতে সুপার ফাস্ট ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করছে গ্রাহকরা, আগের বছর যা ছিল ৭৫ শতাংশ। ওই রিপোর্টে বলা হয়েছে দেশটির প্রত্যন্ত এলাকার ২৪ লাখ বা ৮ শতাংশ বাড়ি উচ্চ গতির ইন্টারনেট সেবা পাচ্ছে না। বিবিসি।