‘বাংলাদেশ রপ্তানিমুখী শিল্পের প্রসার ঘটিয়েছে’

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৫, ১৩:৫৬
 
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, রপ্তানিমুখী শিল্পের প্রসার ঘটিয়ে বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক উন্নয়নের নীতি গ্রহণ করেছে। স্থানীয় সময় বুধবার ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে ইউনিডোর ১৬তম সাধারণ অধিবেশন উপলক্ষে ‘অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের জন্য অব্যাহত বাণিজ্যিক সাফল্য’ শীর্ষক প্যানেল আলোচনায় এই কথা বলেন।
 
আমির হোসেন আমু বলেছেন, ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে বাংলাদেশ গড়ে ৬ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে। এক্ষেত্রে রপ্তানিমুখী তৈরি পোশাক ও হিমায়িত মত্স্যসহ কৃষিভিত্তিক শিল্প গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
 
আমির হোসেন আমু বলেন, বর্তমান সরকার উদ্যোক্তাবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে দেশব্যাপী দক্ষ বেসরকারি খাত গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে সরকারি সেবাদান প্রক্রিয়ায় তথ্য প্রযুক্তির প্রয়োগ বাড়ানো হয়েছে। সরকারের সুশাসনের ফলে উদ্যোক্তাদের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে।
 
তিনি বলেন, রপ্তানিমুখী শিল্পের প্রবৃদ্ধি বাড়িয়ে সরকার ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সাল নাগাদ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
 
অনুষ্ঠান সঞ্চালন করেন আন্তর্জাতিক বার্তা সংস্থা সিএনএনের সাবেক উপস্থাপক টড বেঞ্জামিন। এতে অন্যান্যের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও ইউনিডোর সহায়তায় বাংলাদেশে বাস্তবায়নাধীন বেটার ওয়ার্কস্ অ্যান্ড বেস্ট স্ট্যান্ডার্ডস প্রোগ্রাম শীর্ষক প্রকল্পের জাতীয় পরিচালক সালেহ্ আহমেদ, বিসিএসআইআর’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মিজ মালা খান এবং বাংলাদেশে ইইউ ডেলিগেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার মিজ রুবায়েত জেসমিন বক্তৃতা করেন।-বাসস।