ভ্যালেন্সিয়ার কোচ হচ্ছেন নেভিল

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৫, ১৪:১৪
মৌসুমের বাকি সময়ের জন্য ভ্যালেন্সিয়ার কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংল্যান্ডের সহকারী কোচ ও ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তী রাইট-ব্যাক গ্যারি নেভিল। স্প্যানিশ ক্লাব গতকাল এই তথ্য নিশ্চিত করেছে। 
 
এ সম্পর্কে ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী বছরের ৩০ জুন পর্যন্ত ইংলিশ কোচ গ্যারি নেভিলের সাথে ভ্যালেন্সিয়ার সমঝোতা হয়েছে। ফরাসি দল লিঁওর বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের ম্যাচকে সামনে রেখে নেভিল রোববার থেকে আনুষ্ঠানিক ভাবে তার কাজ শুরু করবেন। ম্যাচটি ৯ ডিসেম্বর বুধবার ভ্যালেন্সিয়ার ঘরের মাঠ মেস্তালায় অনুষ্ঠিত হবে।
 
উল্লেখ্য, নেভিলের ভাই ফিল মৌসুমের শুরু থেকেই ভ্যালেন্সিয়ার সাথে জড়িত আছেন। প্রধান কোচ নুনো এসপিরিটো সান্তোর সহকারী হিসেবে তিনি কাজ করছিলেন। তবে বাজে ফলাফলের কারনে গত রোববার সান্তো নিজেই ক্লাব ছেড়ে চলে গেলে প্রধান কোচের পদটি শুন্য হয়। 
 
ক্লাবের ওয়েবসাইটে নেভিল বলেছেন, ভ্যালেন্সিয়ার সাথে কাজ করতে পারার দারুণ এই সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। এটা ঐতিহ্যবাহী ক্লাবটির ইমেজের ব্যাপার। আমি যখন খেলোয়াড় ছিলাম তখন এই ক্লাবের সমর্থকদের অকুণ্ঠ সমর্থনের বিষয়টি এখনো মনে আছে। বাসস।